পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মেয়ে ও জামাইকে আপ্যায়ন করতে না পারার মানসিক কষ্টে আফরোজা (৪৫) নামে এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ফুটকিবাড়ী এলাকার বাসিন্দা আফরোজার পরিবার দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে দিনযাপন করছে। পরিবারের জীবিকা অনেকটাই নির্ভর করে তার বৃদ্ধ মা হাজেরা খাতুনের ভিক্ষাবৃত্তির আয়ের ওপর।
সম্প্রতি আফরোজার বাড়িতে বেড়াতে আসেন তার মেয়ে আসমা ও জামাই সহিদ। কিন্তু সংসারের অভাব-অনটনের কারণে তাদের যথাযথ আপ্যায়ন করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
বুধবার রাত ৯টার দিকে সবার অগোচরে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আফরোজা।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে পরিবারটি। এ অবস্থায় আফরোজার চিকিৎসায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা।
রিপোর্টার্স২৪/এসএন