| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৩:১৬:৪৯:অপরাহ্ন  |  ৮৮৭ বার পঠিত
চীন সর্বদা বাংলাদেশের পাশে থাকবে : রাষ্ট্রদূত ইয়াও

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে এবং এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত ‘চীন-বাংলাদেশ গভর্নেন্স এক্সপেরিয়েন্স এক্সচেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, “বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে।” তিনি সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর এবং দুই দেশের যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশকে সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে চীন সবসময় দৃঢ় সমর্থন দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। একই সঙ্গে ‘এক চীন’ নীতিতে বাংলাদেশের অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের ভূমিকা ক্রমেই বাড়ছে। নতুন সরকার গঠনের পর থেকে বাংলাদেশে প্রায় ১০ কোটি মার্কিন ডলারের চীনা বিনিয়োগ এসেছে, যার মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।

তিনি আরও জানান, তিস্তা নদী মহাপরিকল্পনা, মোংলা বন্দর আধুনিকায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ছাত্রী হোস্টেল নির্মাণসহ একাধিক বড় প্রকল্পে চীন কাজ করছে। পাশাপাশি সবুজ জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রিক ভেহিকল খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, “বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি খাতে আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।”

জনগণের যোগাযোগ বৃদ্ধি নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। জানান, চলতি বছর এখন পর্যন্ত ৩২ হাজার বাংলাদেশিকে চীনের ভিসা দেওয়া হয়েছে এবং বছরের শেষে এই সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে দুই দেশের মধ্যে প্রতি সপ্তাহে ৪৫টি সরাসরি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় প্রসঙ্গে তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের এই সময়ে চীন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করতে চায়। বিশেষ করে কৃষি, স্বাস্থ্যসেবা এবং তৃণমূল পর্যায়ের সুশাসনে অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে সহযোগিতা আরও জোরদার করা হবে।

আসন্ন উচ্চপর্যায়ের সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দুই দেশের ‘ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব’কে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪