বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ পালন করেছেন তরুণরা। শুক্রবার (৮ মে) সকালে অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শতাধিক তরুণ জলবায়ু কর্মী, অ্যাক্টিভিস্ট এবং বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা একত্রিত হয়ে জীবাশ্ম জ্বালানিমুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দাবিতে আন্দোলনে অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া তরুণরা অবিলম্বে কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক দূষণ ও জীবাশ্ম জ্বালানির ভয়াবহ প্রভাব তুলে ধরা হয়। এছাড়া মাস্ক পরে প্রতীকী প্রদর্শনীর মাধ্যমে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উপস্থাপন করা হয় এবং সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা হয়।
এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে ফাইট ফর কোস্টাল রাইটস অ্যান্ড জাস্টিস, অভিযান যুব সংগঠন, ইয়ুথ অ্যান্ড চাইল্ড সিকিউরিটি, সিডোসহ বাগেরহাটের আরও বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা অংশ নেন।
এ ছাড়া তরুণরা #FossilFreeFuture, #JustTransitionNow, #ClimateJusticeNow এবং #StopFossilFuel হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমেও জলবায়ু ন্যায়বিচারের পক্ষে প্রচারণা চালান।
তরুণ জলবায়ু কর্মী মো. মেহেদি হাসান বলেন, “বাংলাদেশ বর্তমানে জীবাশ্ম জ্বালানির কারণে সৃষ্ট দূষণ ও জলবায়ু বিপর্যয়ের বড় ঝুঁকিতে রয়েছে। এখনই নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না।”
তরুণ জলবায়ু কর্মী শেখ ফারদিন সানি বলেন, “জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি। তরুণদের নেতৃত্বেই ভবিষ্যতের পরিবর্তন সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন ফাইট ফর কোস্টাল Rাইটস অ্যান্ড জাস্টিসের সভাপতি মাহফুজ মাঝি, অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য, ইয়ুথ অ্যান্ড চাইল্ড সিকিউরিটির শেখ ফারদিন সানি, সিডোর মো. মেহেদি হাসান, ইয়ুথ ফেলো রবিউল ইসলাম, তীর্থ সলিল ঠাকুর, অ্যাক্টিভিস্টা সদস্য নাসরিন আক্তার জয়া, তামান্না ইসলাম, নোভা ইসলাম, লামিয়া ইভা, আছিয়া খাতুন, রাফিউল শেখ, বিল্লাল হোসেন, অর্ণব মণ্ডল, ইরানী বিশ্বাসসহ অনেকে।
রিপোর্টার্স২৪/এসএন