| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৬:৩৬:৪৫:অপরাহ্ন  |  ১৯৪৫ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর ও সদর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও ডিবি পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে হরিপুর থানার একটি টহল দল মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে বের হয়। রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (দক্ষিণপাড়া) এলাকায় মো. সোলেমান আলীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— নন্দগাঁও দক্ষিণপাড়ার মো. সোলেমান আলী (৪২) ও মো. তোজাম্মেল ওরফে বয়রা (৫৪)। এ সময় তাদের দেহ তল্লাশি করে সোলেমানের প্যান্টের পকেট থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং তোজাম্মেলের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় আরও একজন পালিয়ে যান। পরে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পলাতক ব্যক্তি হিসেবে মো. সেলিম (৩৯) নামে এক ব্যক্তির নাম জানা যায়। তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় হরিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর আবেদন করা হয়।

অন্যদিকে, একই দিন রাতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদর উপজেলার সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. তুহিন রহমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি তেলিপাড়া এলাকার মিরাজুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে কালিতলাগামী সড়কে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তুহিন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ২০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন জানান, তিনি জেলার মাদ্রাসাপাড়া এলাকার শামিম ইসলামের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি করতেন। ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল জানান, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪