| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে নতুন তিন থানা হচ্ছে: ডিএমপি কমিশনার

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৭:০১:২১:অপরাহ্ন  |  ৮৬২ বার পঠিত
রাজধানীতে নতুন তিন থানা হচ্ছে: ডিএমপি কমিশনার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করতে রায়েরবাজার, বছিলা ও পূর্বাচলে নতুন থানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, নতুন থানাগুলোর মধ্যে একটি স্থাপনের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি সেবা বাড়াতে আরও কিছু পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজও চলমান রয়েছে।

ডিএমপি কমিশনার জানান, বছিলা পুলিশ লাইন্স এলাকায় ইতোমধ্যে বড় পরিসরের একটি পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। নতুন থানা ও ফাঁড়ি চালু হলে সংশ্লিষ্ট এলাকাগুলোর নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে অনুষ্ঠানে উপস্থিত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে নির্ধারিত সময়ে পুলিশ সপ্তাহ আয়োজন সম্ভব হয়নি। তবে নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ আয়োজন করা হবে।

তিনি বলেন, “একসময় পুলিশ কিছুটা বিশৃঙ্খল অবস্থায় ছিল, তবে এখন অনেকাংশে তা গুছিয়ে আনা হয়েছে।”

আইজিপি আরও জানান, বর্তমানে দেশে পুলিশের সদস্য সংখ্যা প্রায় ২ লাখ ২০ হাজার। এর মধ্যে প্রায় ১ লাখ ৫০ হাজার সদস্যের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। পুলিশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪