| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৭:১৬:১৯:অপরাহ্ন  |  ১৪৬৩ বার পঠিত
বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিয়ের আগে ছেলে-মেয়ে থ্যালাসেমিয়ার বাহক কিনা তা পরীক্ষা করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি জন্মগত জটিল রক্তস্বল্পতাজনিত রোগ। স্বামী-স্ত্রী উভয়েই যদি এই রোগের বাহক হন, তখনই তাদের সন্তানের মধ্যে থ্যালাসেমিয়া হওয়ার ঝুঁকি থাকে।

শুক্রবার (৮ মে) রাজধানীর মালিবাগে হোসাফ টাওয়ারে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে ‘বিশ্ব থ্যালাসেমিয়া দিবস-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. মনজুর মোরশেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের চিফ মেডিকেল অফিসার ডা. সাজিয়া ইসলাম এবং ডা. হুমায়ুন কবির।

মন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি মানুষকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

থ্যালাসেমিয়ার ভয়াবহতা তুলে ধরে মন্ত্রী জানান, দেশে প্রতি নয়জনে একজন এই রোগের বাহক। প্রতিবছর প্রায় আট হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নিচ্ছে, যা উদ্বেগজনক।

তিনি বলেন, ব্যাপক প্রচার-প্রচারণা, সচেতনতামূলক কনটেন্ট তৈরি এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো সম্ভব।

এর আগে মন্ত্রী বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালের ডে-কেয়ার ইউনিটের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪