বাগেরহাট প্রতিনিধি: রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় করা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনায় ট্রাকসহ মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) ভোররাতে ফকিরহাট মডেল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূলঘর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ট্রাক ও মালামাল উদ্ধার করে।
গ্রেপ্তাররা হলেন— পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে মনিরুল ইসলাম, কামরুল শেখ ও শামিম হাসান যৌথভাবে অ্যালুমিনিয়াম সংগ্রহ করে একটি ভাড়ার ট্রাকে চট্টগ্রামের উদ্দেশে পাঠাচ্ছিলেন। পথিমধ্যে কয়েক দফা যাচাই-বাছাই শেষে ট্রাকটি রওনা দেয়।
পরে রাত প্রায় ১টার দিকে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় পৌঁছালে ১৫–১৬ জনের একটি সংঘবদ্ধ দল ট্রাকটির গতিরোধ করে। তারা চালক ও সহকারীদের ভয়ভীতি দেখিয়ে ট্রাকসহ মালামাল ছিনিয়ে নেয়।
ঘটনার পর ফকিরহাট থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভোরে পরিত্যক্ত একটি ইটভাটা থেকে ট্রাক ও মালামাল উদ্ধার করে এবং দুইজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বাদী মনিরুল ইসলাম ৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৬ জনকে অজ্ঞাত আসামি করে ফকিরহাট থানায় মামলা করেছেন।
ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “ডাকাতির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে ট্রাক ও মালামাল উদ্ধার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
রিপোর্টার্স২৪/এসএন