জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে আমিনা বেগম (৩২) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনা ওই গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের স্বামী শিপন প্রায় পাঁচ বছর ধরে সৌদি আরবে কর্মরত। তবে বিদেশ যাওয়ার সময় নেওয়া বিপুল ঋণ এবং পরবর্তীতে তার অনলাইন জুয়ার আসক্তির কারণে পরিবারে আর্থিক সংকট তীব্র হয়ে ওঠে। নিয়মিত টাকা না পাঠানোয় এনজিও ও স্থানীয় ঋণের কিস্তি পরিশোধে চরম চাপে ছিলেন আমিনা বেগম।
ঘটনার রাতে দুই সন্তানকে নিয়ে খাবার খেয়ে ঘুমাতে যান তিনি। পরে গভীর রাতে ছোট মেয়ে সাফিয়া আক্তার ঘুম থেকে উঠে মাকে ঘরে না পেয়ে পাশের কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঋণের কিস্তি ও পারিবারিক টানাপোড়েন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ফোনে ঝগড়া লেগেই থাকত। মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
রিপোর্টার্স২৪/এসএন