দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতনের সিংহভাগ বেদে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে দান করেছেন।
শুক্রবার (৮ মে) ভোরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
জানা যায়, “Let’s Meet Gypsy Genius” নামে একটি বিশেষ কর্মসূচির মাধ্যমে তিনি বেদে সম্প্রদায়ের শিশুদের শিক্ষায় সহায়তা কার্যক্রম শুরু করেন। এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৩৪ জন শিক্ষার্থীকে নগদ শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বৃত্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বেদে সম্প্রদায়ের সভাপতি আলাউদ্দিন ওঝা বলেন, এই উদ্যোগ তাদের শিশুদের শিক্ষার পথে বড় সহায়ক হবে এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বেদে সম্প্রদায় সমাজের অংশ হলেও দীর্ঘদিন ধরে তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের সন্তানদের মেধা বিকাশের সুযোগ তৈরিই এই উদ্যোগের লক্ষ্য।
তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের প্রথম মাসের বেতন এভাবে ব্যয় করতে পেরে তিনি সন্তুষ্ট এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/এসএন