| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সঠিক সিদ্ধান্তেই বাড়বে বিচার বিভাগের প্রতি আস্থা: আইনমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১১:৩২:৫৯:পূর্বাহ্ন  |  ৫৫৯৮ বার পঠিত
সঠিক সিদ্ধান্তেই বাড়বে বিচার বিভাগের প্রতি আস্থা:  আইনমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিচারকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় স্বাধীন চিন্তা ও নিরপেক্ষ মানসিকতা বজায় রাখতে হবে। জনপ্রিয়তার চেয়ে ন্যায়ভিত্তিক ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বিচারকদের উদ্দেশে বলেন, বিচারিক ক্ষমতা প্রয়োগে কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।

শনিবার (৯ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে হবে। বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে বিচারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের নির্ভরশীলতা বাড়ানো বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, আমরা চাই গোটা বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাক। জুডিশিয়ারির ওপর মানুষের ভরসা ও বিশ্বাসের জায়গা আরও শক্তিশালী হোক।

প্রধান বিচারপতির বাসভবন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রত্যেক মানুষের কাছে প্রধান বিচারপতির বাসভবন যেন তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ হয়। এটি যেন মানুষের ক্ষোভ, হতাশা বা আক্রমণের জায়গায় পরিণত না হয়। সেই পরিবেশ আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে।

বিচারকদের উদ্দেশে তিনি আরও বলেন, বিচার বিভাগ সংক্রান্ত কোনো দাবি, সমস্যা বা মতামত থাকলে তা সুপ্রিম কোর্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বসহকারে বিবেচনা করবে। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিচারকদের সর্বোচ্চ সততা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

তিনি বলেন, সবার কাছে আমার একটিই অনুরোধ জনপ্রিয় সিদ্ধান্তের চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। কারণ, ন্যায়বিচার প্রতিষ্ঠাই একজন বিচারকের প্রধান দায়িত্ব।

অনুষ্ঠানে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪