স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেছে পুলিশ।
শনিবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুর্ঘটনার পর এক ব্যক্তিকে সড়কের ওপর পড়ে থাকতে দেখা যায়। অপর আহত ব্যক্তিকে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে উদ্ধার করা হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা একটি অবৈধ চোরাই তেলের দোকান থেকে হঠাৎ একটি গাড়ি মূল সড়কে উঠতে গেলে দ্রুতগতির মোটরসাইকেলটি সেটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয় বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে রূপনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি