| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহির আহ্বান রাষ্ট্রপতির

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ০৪:৪৩:৫২:পূর্বাহ্ন  |  ২৩২৫৩ বার পঠিত
পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহির আহ্বান রাষ্ট্রপতির

স্টাফ রিপোর্টার: পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে শনিবার দেওয়া বাণীতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বাংলাদেশ পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, একটি রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন ও উন্নয়ন অগ্রযাত্রা অনেকাংশেই পুলিশের সততা, নিষ্ঠা, পেশাদারত্ব ও শৃঙ্খলার ওপর নির্ভর করে। জাতীয় গুরুত্বপূর্ণ আয়োজন এবং ক্রান্তিকালীন পরিস্থিতিতে পুলিশ বাহিনীর নৈর্ব্যক্তিক, পেশাদার ও জনবান্ধব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ক্ষেত্রে পুলিশের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। সাইবার স্পেস, এআই ও ডিপফেক প্রযুক্তি এখন মিথ্যাচার, চরিত্রহনন, জনবিশৃঙ্খলা, আর্থিক প্রতারণা, জঙ্গিবাদ, মাদক ও মানবপাচারে ব্যবহার হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তি, যেমন এআই, ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি ও ডিজিটাল ফরেনসিকসে দক্ষ করে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, বাহিনীর ভাবমূর্তি রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি কমিউনিটি পুলিশিং জোরদার, সেবামুখী মনোভাব গড়ে তোলা এবং মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪