| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার অভিনেতা

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ২১:৩০:০২:অপরাহ্ন  |  ৬৬৬৪ বার পঠিত
মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার অভিনেতা

স্টাফ রিপোর্টার: প্রতারণা ও  অর্থ আত্মসাতের মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছে হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের ডিএমডি ও অভিনেতা হায়দার কবির মিথুন।

রোববার (১০ মে) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি এ তথ্য জানায়, শনিবার (৯ মে) মধ্যরাতে বিদেশ থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তরা পূর্ব থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, থ্রি-স্টার হোটেল ও জমির শেয়ার বিক্রির নামে ৪৭০ জন গ্রাহকের কাছ থেকে ১২০ কোটি টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ‘হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড’ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও অভিনেতা হায়দার কবির মিথুনের (৫৪) বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলার পর তিনি আত্মগোপনে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ রেখে বিদেশে চলে যান। পরে দেশে ফেরার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে সিআইডি ।

মিথুনের বিরুদ্ধে আরও একাধিক প্রতারণার মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার একটি মামলা এবং উত্তরা পূর্ব ও পশ্চিম থানার কয়েকটি সিআর মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে সিআইডি।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড উত্তরখান এলাকায় ১০ কাঠা জমির ওপর জি+ নয়তলা ভবন নির্মাণের কথা বলে ৩৬টি শেয়ার বিক্রির প্রচারণা চালায়। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১৫ লাখ টাকা। প্রলোভনে পড়ে মামলার বাদীসহ বিভিন্ন গ্রাহক প্রতিষ্ঠানটির উত্তরার অফিসে গিয়ে অর্থ বিনিয়োগ করেন। বাদী ২০২৩ সালের এপ্রিল থেকে বিভিন্ন সময়ে মোট ১২ লাখ ৮০ হাজার টাকা জমা দেন। এছাড়া তার এক বন্ধু ৯ লাখ টাকা বিনিয়োগ করেন।

এজাহারে আরো বলা হয়, অর্থ গ্রহণের পর কোম্পানি গ্রাহকদের মানি রিসিপ্ট ও চেক দিলেও প্রতিশ্রুত জমি রেজিস্ট্রি করে দেয়নি। পরে গ্রাহকেরা জানতে পারেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়া নেওয়া থ্রি-স্টার হোটেল ও বিভিন্ন মৌজার জমির শেয়ার বিক্রির নামে প্রায় ৪৭০ জন গ্রাহকের কাছ থেকে আনুমানিক ১২০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। গ্রাহকেরা টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যক্তিরা ভয়ভীতি ও হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন। একপর্যায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শিশির আহমেদ আত্মগোপনে যান এবং নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নতুন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত হওয়া আর্থিক লেনদেনের দায় তারা নেবে না।

সিআইডি আরো জানায়, এ ঘটনায় প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং  গ্রেপ্তার হওয়া হায়দার কবির মিথুনকে রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪