রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে আরও বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত “পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডর উদ্বোধন ও এডুকেশন এক্সপো ২০২৬” অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালোভাবে কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও জানান, নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ চলমান রয়েছে।
অনুষ্ঠানে তিনি পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় কার্যক্রমকে সমর্থন জানিয়ে বলেন, এ ধরনের শিক্ষামেলা দুই দেশের জন্যই উপকারী হবে। তার মতে, এতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে পড়াশোনার সুযোগ সম্পর্কে জানতে পারবে।
এহছানুল হক মিলন বলেন, পাকিস্তানের কিছু ভালো মানের বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেখানকার শিক্ষার সুযোগ গ্রহণে বাংলাদেশের শিক্ষার্থীদের উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি তিনি জানান, এই উদ্যোগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে এবং কিছু ক্ষেত্রে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগও রয়েছে।
তিনি আল্লামা ইকবাল স্কলারশিপ সফল হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার বলেন, আগামী ১০ দিন রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও একই ধরনের শিক্ষা এক্সপো আয়োজন করা হবে। এতে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে।
তিনি আরও বলেন, দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে শিক্ষার্থী ও গবেষণার সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া উচিত।
রিপোর্টার্স২৪/ঝুম