রিপোর্টার্স ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন রাজনৈতিক প্রথম সচিব সেবাস্টিন রিগার ব্রাউন।
মতবিনিময়কালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা, সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনায় স্থান পায়।
পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং একান্ত ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।
রিপোর্টার্স২৪/এসএন