| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে আরও একটি সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ১২:২৭:১৭:অপরাহ্ন  |  ৪৭৯৭ বার পঠিত
দেশে আরও একটি সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন

রিপোর্টার্স২৪ ডেস্ক:  দেশের চিকিৎসা শিক্ষার প্রসার এবং চিকিৎসক সংকট মোকাবিলায় ঠাকুরগাঁও জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। নতুন এ প্রতিষ্ঠানের নাম হবে ‘ঠাকুরগাঁও মেডিকেল কলেজ’।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর মাধ্যমে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮টিতে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতায় ঠাকুরগাঁও জেলায় ‘ঠাকুরগাঁও মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জারি করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৭টি সরকারি এবং ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আরও ছয়টি মেডিকেল কলেজ।

এর মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরে একটি করে মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী চিকিৎসা শাখার অধীনে ঢাকায় পরিচালিত হচ্ছে সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ।

এছাড়া সম্প্রতি চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে নতুন একটি মেডিকেল কলেজ চালু হয়েছে, যেখানে ৫০টি আসন রয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত পাঁচটি মেডিকেল কলেজে প্রতিটিতে ৫০টি করে মোট ২৫০টি আসন রয়েছে। অন্যদিকে সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজে রয়েছে ১২৫টি আসন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে পুনর্বিন্যাসের পর সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজে রয়েছে ৬ হাজার ১টি আসন। এর আগে সরকারি মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারিতে ছিল ৬ হাজার ২৯৩টি।

সব মিলিয়ে সরকারি, বেসরকারি, সেনাবাহিনী ও নৌবাহিনীর অধীন পরিচালিত মেডিকেল কলেজগুলোতে বর্তমানে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫২৬টিতে।

স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরাঞ্চলে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দক্ষ চিকিৎসক তৈরির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪