রিপোর্টার্স২৪ ডেস্ক: কুমিল্লাকে বিভাগ করা যদি জনগণের দাবি হয়, তাহলে তা বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে জনগণের দেওয়া ওয়াদা বাস্তবায়ন করে। বরুড়া ও বগুড়ার উন্নয়ন সমানভাবে এগিয়ে নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় নির্বাচনি অঙ্গীকার পূরণে বিশ্বাসী। অতীতে যেসব সুযোগ এসেছে, দলটি জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে।
তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “যেমন ৭১-এ মানুষ দেশ স্বাধীন করেছিল, ২৪-এ এসে আবারও দেশকে স্বাধীন করা হয়েছে। এখন মূল কাজ দেশের পুনর্গঠন।”
তিনি জনগণের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বলেন, কোনো সরকারের একার পক্ষে দেশ পুনর্গঠন সম্ভব নয়। তার ভাষায়, “এই দেশের মালিক জনগণ, জনগণকেই এগিয়ে এসে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
এদিকে, একই দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দীর্ঘ প্রায় দুই দশক পর চাঁদপুর সফরে যান তারেক রহমান। সফরকালে তিনি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। পরে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমেও অংশ নেন।
বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এবং চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
সফর শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
রিপোর্টার্স২৪/ঝুম