রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি সরকার করবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৬ মে) বিএনপি আয়োজিত ‘ফারাক্কা লং মার্চ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ফারাক্কা চুক্তি নির্দিষ্ট কোনো সময়ের জন্য নয়, বরং পরবর্তী কোনো চুক্তি না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকতে হবে। অন্যথায় পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বিএনপি সরকার করবে না। ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের যে সুযোগ তৈরি হয়েছে, তা ফারাক্কা চুক্তির বাস্তবায়নের ওপর নির্ভর করবে।
আন্তর্জাতিক চাপ বা অন্যান্য দেশের ভ্রুকুটি উপেক্ষা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন। তিনি ফারাক্কা ইস্যুতে দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/ঝুম