| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স যুক্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৩:১৪:৩৯:অপরাহ্ন  |  ১৪৬ বার পঠিত
ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স যুক্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা আরও বাড়াতে দেশে নতুন করে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সেবার পরিধি বাড়াতে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলছে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে সেবা প্রদান করা হলেও তা চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। তাই জনগুরুত্ব বিবেচনায় নতুন ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুরনো কিছু স্টেশন পুনর্নির্মাণের কাজ চলছে।

তিনি আরও জানান, ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়াতে ৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। দুর্যোগ ও সংকটময় মুহূর্তে এই বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জানমাল রক্ষায় কাজ করে থাকেন। তাদের পেশাদারিত্ব ও সাহসিকতার কারণে প্রতিষ্ঠানটি এখন মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

তিনি জানান, বাহিনীর সদস্য সংখ্যা ৩০ হাজারের বেশি করার লক্ষ্যে অর্গানোগ্রাম পুনর্গঠনের প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের সেবা আরও আধুনিক করতে অনলাইনভিত্তিক ই-ফায়ার লাইসেন্স ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা বাড়াতে মিরপুর ও সদরঘাটে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের জন্য বিশেষ ভাতা ও অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়টিও সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

তিনি আরও জানান, ২০২৫ সালে ফায়ার সার্ভিসের সদস্যরা ২৭ হাজারের বেশি অগ্নিকাণ্ডে সাড়া দিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ রক্ষা করেছেন। এছাড়া সড়ক দুর্ঘটনা, অগ্নিদুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছেন তারা।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের পদক প্রদান করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪