| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই মামলায় বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৬ ইং | ১৩:৫৬:০১:অপরাহ্ন  |  ১২৩ বার পঠিত
দুই মামলায় বিচারপতি মানিকের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার: জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট আত্মসাতের অভিযোগে দায়ের করা দুটি পৃথক মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিপক্ষের আইনজীবীরা পৃথক দুই মামলায় জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে দুদকের পক্ষ থেকে এর বিরোধিতা করা হলে আদালত জামিন নামঞ্জুর করেন।

দুদকের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাগুলো দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক জ্ঞাত আয়বহির্ভূত ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন বলে অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

অপর মামলায় অভিযোগ করা হয়, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের স্ত্রী কাশমিরি কামালসহ রাজউকের একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তার সহযোগিতায় পূর্বাচল নতুন শহর প্রকল্পে একটি প্লট অবৈধভাবে আত্মসাৎ করা হয়। এ মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান, সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মূল বরাদ্দপ্রাপ্ত গ্রহীতার নাম পরিবর্তন করে ওই প্লট আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় আদালতের এই সিদ্ধান্তের পর মামলাগুলোতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪