স্টাফ রিপোর্টার: দেশে হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দফা বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মোঃ মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড বা কেবিন ব্যবস্থা বাধ্যতামূলকভাবে চালু করতে হবে। আক্রান্ত রোগীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে। পাশাপাশি ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রাউন্ড নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় রোগীর সঙ্গে সর্বোচ্চ একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ না করার বিষয়টি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এসব ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে সংক্রমণ নিয়ন্ত্রণ সহজ হবে এবং রোগীদের চিকিৎসা ব্যবস্থাও আরও উন্নত হবে।
রিপোর্টার্স২৪/ঝুম