| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার গুমের মামলায় আসামি হচ্ছেন বেনজীরের ক্যাশিয়ার রিফাত

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৬:২৫:১২:অপরাহ্ন  |  ১১০০ বার পঠিত
এবার গুমের মামলায় আসামি হচ্ছেন বেনজীরের ক্যাশিয়ার রিফাত

স্টাফ রিপোর্টার: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ সহযোগী ও তার ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ মে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত সংস্থা সূত্রে জানা গেছে, রিফাত নিলয় জোয়ার্দার ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে সারাদেশে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রিফাত নিলয় জোয়ার্দারের প্রত্যক্ষ নির্দেশনায় বহু ব্যক্তিকে বলপূর্বক গুম করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নিয়ন্ত্রণাধীন কথিত গোপন বন্দিশালা ‘আয়নাঘর’-এ আটকে রাখা হতো। সেখানে ভুক্তভোগীদের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে রিফাত নিলয় জোয়ার্দার ধানমন্ডি থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির পৃথক দুটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

গুমের মামলায় তাকে গ্রেফতার দেখাতে এবং ট্রাইব্যুনালে হাজির নিশ্চিত করতে চিফ প্রসিকিউটরের কাছে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারির আবেদন করে তদন্ত সংস্থা। পরে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২৪ মে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

তদন্ত সংস্থার দাবি, ২০২৪ সালের আগস্ট মাস থেকে শুরু হওয়া তদন্তে ভুক্তভোগী, তাদের পরিবার এবং বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে রিফাত নিলয়ের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আরও গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪