| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৭:৫৩:৩৫:অপরাহ্ন  |  ১১২২ বার পঠিত
পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণে হাত দেবে সরকার: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পানি সংকট মোকাবিলা এবং কৃষি ও পরিবেশ সুরক্ষায় পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে খাল খনন কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং সরকার গঠন করার পর সেই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, খাল খননের সঙ্গে মানুষের জীবন, কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িত। গত ২০ বছরে ভূগর্ভস্থ পানি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। এই ঘাটতি পূরণে বর্ষার পানি খালের মাধ্যমে সংরক্ষণ ও সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে জনসংখ্যা বাড়ার সঙ্গে খাদ্য উৎপাদনের প্রয়োজনও বাড়বে। তাই ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

কক্সবাজারে সমুদ্রতীরবর্তী সড়ক নির্মাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সেখানে ৩০০টির বেশি গাছ কাটার পরিকল্পনা ছিল। বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্টদের ডিজাইন পরিবর্তনের নির্দেশ দিয়েছেন যাতে গাছ রক্ষা করা যায়।

পদ্মা ব্যারাজ প্রসঙ্গে তারেক রহমান বলেন, সীমান্তের ওপারে বিভিন্ন ব্যারাজ নির্মাণের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশে নদীর পানি কমে যাচ্ছে। এর ফলে নদী শুকিয়ে যাচ্ছে এবং দক্ষিণাঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশ করছে। এতে সুন্দরবন, কৃষিজমি, জীববৈচিত্র্য ও জনপদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, ব্যারাজ নির্মাণের মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ করা গেলে শুষ্ক মৌসুমে সেই পানি মানুষের কাজে ব্যবহার করা সম্ভব হবে।

তিস্তা ব্যারাজ প্রকল্প নিয়েও সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, তিস্তা ইস্যুতে বিএনপি সরকারই মাঠে কর্মসূচি পালন করেছে। তাই জনগণের স্বার্থে তিস্তা ব্যারাজও বিএনপি সরকার বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, দুর্যোগ পুরোপুরি থামানো সম্ভব নয়, তবে সচেতনতা ও পরিকল্পনার মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে।

এর আগে দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী গাজীপুরের টঙ্গীতে নবনির্মিত জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে তিনি সেখানে একটি তালগাছ রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪