| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতকে কখনোই ক্ষমতায় আনবে না দেশের মানুষ: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৭:৫৮:২১:অপরাহ্ন  |  ১০৫৬ বার পঠিত
জামায়াতকে কখনোই ক্ষমতায় আনবে না দেশের মানুষ: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কখনোই জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দেবে না।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী ১৯৭১ সালে মহান স্বাধীনতার বিরোধিতা করেছিল। তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রমহানি করেছে। তাই এ দেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না।

তিনি আরও বলেন, একটা দল আছে, তারা ধর্মের নামে রাজনীতি করে। নামটা জানেন তো? এ সময় উপস্থিত জনতা উচ্চস্বরে ‘জামায়াতে ইসলামী’ বলে সাড়া দেন।

পরে বিএনপি মহাসচিব বলেন, নামটা আরও জোরে বলতে হবে। মিথ্যা কথা বলে, ধর্মের কথা বলে এ দেশের রাজনীতি হবে না। সত্য কথা বলেই রাজনীতি করতে হবে।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর মির্জা ফখরুল পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিন মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে অতিথিদের বরণ করে নেন।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জাহিদুর রহমান এবং ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ্জামান।

অনুষ্ঠানে বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪