| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশুহত্যায় দ্রুত বিচার দাবি: সরব হলেন সাকিব খান

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ০৮:২৬:৪৮:পূর্বাহ্ন  |  ৯৩৮২০ বার পঠিত
শিশুহত্যায় দ্রুত বিচার দাবি: সরব হলেন সাকিব খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর নৃশংস হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে।

এ ঘটনায় শোবিজ অঙ্গনের তারকারাও প্রতিক্রিয়া জানাচ্ছেন। এবার মুখ খুলেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি শিশু হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি লেখেন, একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার। শাকিব খানের মতে, এ ধরনের নৃশংস ঘটনা সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা ভবিষ্যতের সম্ভাব্য অপরাধীদের মধ্যে ভয় তৈরি করবে এবং সমাজে স্পষ্ট বার্তা দেবে। তার মতে, বিচার বিলম্ব মানে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা দীর্ঘায়িত হওয়া।

তিনি আরও বলেন, এখনই সময় কঠোর আইন প্রয়োগের, যাতে আর কোনো শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয় এবং কোনো পিতাকে যেন বলতে না হয়— আমরা বিচার চাই না, এ দেশে বিচার নেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় একজনকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪