বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও সাবেক তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী-র বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রযোজক তরুণ দাস শুক্রবার (২২ মে) সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে একটি সিনেমায় অভিনয়ের জন্য সোহম চক্রবর্তীকে ১৫ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়। তবে চুক্তি অনুযায়ী শুটিংয়ের জন্য কোনো সময় বা ডেট দেননি অভিনেতা। ফলে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিনেমাটির কাজ শুরু করা সম্ভব হয়নি।
অভিযোগে বলা হয়, করোনা মহামারি ও লকডাউনসহ বিভিন্ন কারণে প্রযোজক আর্থিক সংকটে পড়েন। পরে তিনি অগ্রিম দেওয়া টাকা ফেরত চাইলে সোহম তা ফেরত দেননি।
প্রযোজক তরুণ দাস দাবি করেন, একটি বেসরকারি ব্যাংকের চেকের মাধ্যমে তিনি অভিনেতাকে টাকা পরিশোধ করেছিলেন।
তিনি বলেন, “দীর্ঘ সময় পার হলেও তিনি সিনেমার জন্য কোনো ডেট দেননি। এখন আমি আর্থিক সংকটে পড়ে টাকা ফেরত চাইছি, কিন্তু তিনি টাকা না দিয়ে উল্টো ভয়ভীতি দেখাচ্ছেন।”
অভিযোগে আরও বলা হয়েছে, ২০২১ সালে সোহম চক্রবর্তী বিধায়ক হওয়ার পর টাকা ফেরতের বিষয়ে যোগাযোগ করলে তিনি প্রযোজককে অপমান ও হুমকি দেন।
প্রযোজক তরুণ দাস বলেন, “এতদিন তৃণমূল সরকার থাকায় অভিযোগ করার সাহস পাইনি। এখন সরকার বদলেছে, তাই ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করেছি।”
তবে এ বিষয়ে এখন পর্যন্ত সোহম চক্রবর্তীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টার্স২৪/ ঝুম