বিনোদন ডেস্ক: ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এখন অনেকটাই সুস্থ আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ঈদুল আজহার আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে সবাইকে জানিয়েছেন ঈদের অগ্রিম শুভেচ্ছা।
দীর্ঘ অসুস্থতা, অস্ত্রোপচার ও চিকিৎসাজনিত অনিশ্চয়তার সময় পার করে ভক্তদের উদ্দেশে তানিয়া বৃষ্টি লিখেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
চলতি বছরের শুরুতে অভিনেত্রীর ব্রেন টিউমার ধরা পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার হলেও মে মাসে আবারও তার শারীরিক অবস্থার অবনতির খবর সামনে আসে।
এমন পরিস্থিতিতে ঈদের আগের রাতে অভিনেত্রীর সুস্থতার বার্তা ভক্তদের মাঝে স্বস্তি ফিরিয়েছে। নিজের পোস্টে তিনি অভিনয়ে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন।
তানিয়া লেখেন, অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরবো ইনশাআল্লাহ। ঈদটা আপনাদের খুব ভালো কাটুক, তাই ঈদের সময় আপনাদের সঙ্গে লাইভে থাকতে চাই। ইনশাআল্লাহ সবার সঙ্গে কথা হবে।
সবশেষে সবার কাছে দোয়া চেয়ে অভিনেত্রী বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক!
বর্তমানে ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রীদের একজন তানিয়া বৃষ্টি। তার অভিনীত একাধিক নাটক দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রাণবন্ত অভিনয় ও স্বতন্ত্র উপস্থিতির কারণে অল্প সময়েই তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
তানিয়ার সুস্থতার খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই অভিনেত্রী। সহকর্মী, নির্মাতা এবং ভক্তরা আশা প্রকাশ করছেন—দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরবেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম