| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ১৮:২৮:০৬:অপরাহ্ন  |  ৪০৭ বার পঠিত
ঢাকা সিটির আরও ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার: বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির দায়ে ঢাকার দুই সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া, আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টা সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনার চিত্র দেখতে বের হন। এ সময় বিভিন্ন স্থানে বর্জ্য অপসারণের অবস্থা সন্তোষজনক না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

রাজধানী পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনা দেখতে বেরিয়েছিলেন। তিনি কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় রাস্তায় ময়লা জমে থাকায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, তাদের অপসারণ করে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছেন। ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি নিষ্কাশনের স্থান পরিষ্কার ও ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণে এ কর্মকর্তাদের প্রত্যাহার ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

জানা যায়, ঢাকার বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণের চিত্র ঘুরে দেখার সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম গাড়িতে ছিলেন।

বর্তমানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার পদে আছেন মোহাম্মদ মামুনুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী; ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪