স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ের টি অ্যান্ড টি উচ্চবিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শ্যামলী, পল্লবী, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন, ধানমন্ডিসহ ১৬টি স্থানে দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজিত পৃথক কর্মসূচিতেও অংশ নিয়ে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন তিনি।
বেলা ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সন্ধ্যায় গুলশানের বাসভবনে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, এসএসএফ ও পিজিআর সদস্যরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ পরিবারের সদস্য ও নিকটজনরা অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/বাবি