নিজস্ব প্রতিবেদক: ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে হাসপাতাল কর্মীদের অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর থেকে হাসপাতালটি একাধিক তদন্ত কমিটি ও বিভিন্ন সংস্থার পরিদর্শনের আওতায় আসে। এর ফলে চিকিৎসক ও কর্মীদের মধ্যে মানসিক চাপ ও অস্থির পরিস্থিতি সৃষ্টি হয় বলে দাবি করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার ঘটনার দিন স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষে একদল সাংবাদিক ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তাদের দাবি, এ সময় এক সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় গণমাধ্যমের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনিচ্ছাকৃতভাবে কোনো সাংবাদিক আহত বা বিব্রত হয়ে থাকলে তারা বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালটি ইতোমধ্যে তদন্ত ও প্রশাসনিক নজরদারির মধ্যে রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম