| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইকরার মৃত্যুর মামলায় জামিন পেলেন যাহের আলভীর মা

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৬ ইং | ২৩:৪৪:৩১:অপরাহ্ন  |  ১৩৫ বার পঠিত
ইকরার মৃত্যুর মামলায় জামিন পেলেন যাহের আলভীর মা

বিনোদন ডেস্ক: রাজধানীর মিরপুরে আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেতা যাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তার পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট কামরুন নাহার বনানী। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

জামিন আবেদনে উল্লেখ করা হয়, গত ২৬ এপ্রিল নাসরিন সুলতানা শিউলি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন করলে হাইকোর্ট তাকে ছয় সপ্তাহের আগাম জামিন প্রদান করেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করে তিনি নিয়মিত জামিন প্রার্থনা করেন। আবেদনে আরও বলা হয়, তিনি বয়স্ক এবং জামিন পেলে পলাতক হবেন না।

শুনানি শেষে আদালত মামলার পরবর্তী ধার্য তারিখ ২৪ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৮ ফেব্রুয়ারি পল্লবী ডিওএইচএসের একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আফরা ইভনাথ ইকরার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে যাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়।

মামলায় ইকরার বাবার অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

আফরা ইভনাথ ইকরা অভিনেতা যাহের আলভীর স্ত্রী ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪