স্টাফ রিপোর্টার: আনিকা কবির শখ। একসময় ছিলেন তুমুল ব্যস্ত। নিয়মিত অভিনয় করতেন নাটক কিংবা বিজ্ঞাপনে। হঠাৎ করেই ব্যস্ততা ফেলে তিনি থিতু হন সংসারজীবনে। ঈদুল আজহা উপলক্ষে এক অনুষ্ঠানে হাজির হয়ে জানান জীবনের নানা অজানা কথা।
অভিনয় জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন, আবার কষ্টও পেয়েছেন। জীবন থেকে নেওয়া সবচেয়ে বড় শিক্ষা কী—উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে ‘কাউকে কখনও বিশ্বাস করলে কষ্ট পেতে হয়’ বলে জানান এই অভিনেত্রী-মডেল।
এ বিষয়ে শখ বলেন, কেউ কারও আপন না। বিশ্বাস করুন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। যত আপন মানুষই হোক না কেন, কেউই কারও আপন না কখনোই। যাদের আপন ভাবতাম, তাদের কারণেই আমাকে বিরতি নিতে হয়েছিল।
নতুন করে জীবন শুরু করতে চান না উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, আলহামদুলিল্লাহ আমি আমার জীবন নিয়ে যেমন আছি অনেক ভালো আছি।
২০০২ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল শখের। সে সময় তিনি অভিনয় করেছিলেন ‘স্বাক্ষর’ নামের একটি টিভি নাটকে। এরপর ‘অদ্ভুতুরে’ নামের একটি ধারাবাহিকের মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু করেন।
তারপর খুব অল্প সময়ের মধ্যে শখ হয়ে ওঠেন টিভি নাটক ও বিজ্ঞাপনের পরিচিত মুখ। বাড়তে থাকে তার তারকাখ্যাতি। যেটা তিনি এখনো ধরে রেখেছেন। জাহিদ হাসান, মোশাররফ করিম, নিলয়, অপূর্ব, নিশো এবং সজলসহ প্রায় সব তারকা অভিনেতার সঙ্গেই অভিনয় করেছেন।
ক্যারিয়ারে শখ উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক। অভিনয় করেছেন ‘বলো না তুমি আমার’ নামের একটি সিনেমাতেও। এছাড়া কাজ করেছেন বাংলালিংক, সিটিসেল, বিডি গুঁড়া মসলা, ইউরো লেমন, তোশিন ফ্যানসহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে।
রিপোর্টার্স২৪/ধ্রুব