এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউডের এই সময়ের অভিনেত্রী তাপসী পান্নু। নারী ও পুরুষ তারকাদের ক্ষেত্রে বয়সভিত্তিক বৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এই অভিনেত্রীর মতে, ইন্ডাস্ট্রিতে এখনও এমন ধারণা প্রচলিত আছে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক কিংবা কমেডি ঘরানার সিনেমায় কাস্ট করার ক্ষেত্রে অনাগ্রহ দেখা যায়।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এক সাক্ষাৎকারে তাপসী বলেন, ইন্ডাস্ট্রিতে এখনো এমন ধারণা কাজ করে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক, কমেডি ঘরানার সিনেমাতে নিতে চায় না।
তিনি এই দৃষ্টিভঙ্গিকে প্রশ্নবিদ্ধ করে বলেন, যদি বয়স সত্যিই একটি মানদণ্ড হয়, তাহলে সেটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে হওয়া উচিত।
এ প্রসঙ্গে তিনি জনপ্রিয় পুরুষ তারকাদের দীর্ঘ ক্যারিয়ারের উদাহরণ টানেন।
বিশেষভাবে তিনি শাহরুখ খানের নাম উল্লেখ করে বলেন, বয়স বাড়লেও তিনি এখনো রোমান্টিক ঘরানার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এবং দর্শকের কাছে গ্রহণযোগ্য। তাপসীর মতে, সমস্যা বয়স নয়, সমস্যা দৃষ্টিভঙ্গি।
তিনি বলেন, ৩০ বছরের পর অনেক অভিনেত্রীকে রোমান্টিক লিড চরিত্রে কম দেখা যায়, অথচ তাদের দক্ষতা বা জনপ্রিয়তা কমে না। তার মতে, এই ধরনের মানসিকতা পরিবর্তন হওয়া জরুরি, কারণ আধুনিক সিনেমায় চরিত্র ও গল্পই হওয়া উচিত মূল বিষয়, বয়স নয়।
বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের একজন তাপসী। সাম্প্রতিক সময়ে তিনি অনুবাব সিনহার পরিচালনায় ‘অস্সি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা ২০২৬ সালে মুক্তি পেয়েছে এবং তাকে কেন্দ্র করে সমালোচকদের প্রশংসাও পেয়েছে।
তার আসন্ন প্রজেক্টের মধ্যে রয়েছে কানিকা ধিল্লনের সঙ্গে ‘গান্ধারী’ নামের একটি নেটফ্লিক্স থ্রিলার। যেখানে তিনি একটি অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে। এছাড়া আরও কয়েকটি প্রজেক্ট নিয়েও তিনি কাজ করছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব