রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে নিমসার সবজি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এতে ক্ষুব্ধ হয়ে থ্রি-হুইলার চালক ও তাদের সহযোগীদের একটি অংশ সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়।
পরবর্তীতে তারা পুলিশের টহল গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে ভাঙচুর চালায়। এতে হাইওয়ে পুলিশের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ওসি মো. আবদুল মমিন বলেন, থ্রি-হুইলার আটক করার পর ৩০ থেকে ৩৫ জনের একটি দল হঠাৎ করেই পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা গাড়িতে ইটপাটকেল ছুড়ে এবং ভাঙচুর করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম