| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ১৩:০৩:০৬:অপরাহ্ন  |  ৫৪০ বার পঠিত
ভাড়া নিয়ে  বাগবিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল আটটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

পুলিশ, নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তারা। একই এলাকার ছয়জন ওই বাসের যাত্রী ছিলেন। যাত্রাপথে ভাড়া নিয়ে বাসের লোকজনের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাসটি তারাগঞ্জ এলাকায় পৌঁছালে আতিক নামের একজন যাত্রীকে বাসের ভেতরে আটকে রাখা হয় এবং অন্যদের নামিয়ে দেওয়া হয়।

পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে ওঠেন। এ সময় বাসের লোকজনের সঙ্গে তাদের নতুন করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, তখন বাসের লোকজন লাথি মেরে মুকুল ও শাকিবকে চলন্ত বাস থেকে ফেলে দেন।

এদিকে বাস থেকে ফেলে দেওয়ার পর আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটির গতিরোধ করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে মহাসড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখেন উদ্ধারকর্মীরা। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের কাছ থেকে তারা জানতে পারেন, ওই দুজনকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই যাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪