| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৬ ইং | ১২:০৬:৩৩:অপরাহ্ন  |  ১৮৪৮৪৬ বার পঠিত
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে দেশের শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩৩ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় তাদের মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকাতেও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এসব গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে, শিল্পাঞ্চলগুলোর সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে বিজিবি সদর দপ্তর। এ জন্য সদর দপ্তরে স্থাপিত মনিটরিং সেলের মাধ্যমে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সরাসরি ভিডিও ফুটেজের মাধ্যমে বিভিন্ন এলাকার পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গেও সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে স্বাভাবিক ও নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা, শ্রমিকসহ সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪