মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৯৫ বছর বয়সী এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া বেগম মধ্য ধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) তাঁর মেয়ে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।
পুলিশ, স্থানীয় ও নিহতের স্বজনেরা জানান, সকালে ঘরের ভেতরে থাকা একটি বটি দিয়ে রোকেয়া বেগম তাঁর মাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই রেজিয়া বেগমের মৃত্যু হয়। পরে তিনি তাঁর বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তাঁর দাদি মারা গেছেন।
খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের নাতি রাসেল বলেন, তাঁর ফুপু নিজেই তাঁদের ডেকে এনে জানান যে তিনি তাঁর দাদিকে আঘাত করেছেন এবং পুলিশ ডাকতে বলেন।
স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর থেকে রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর মেয়ে রোকেয়া বেগমকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স/এসএন