| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাবিলার অভিনয়ে মুগ্ধ সাদিয়া

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১০:৫২:৪০:পূর্বাহ্ন  |  ২০৪৬১ বার পঠিত
নাবিলার অভিনয়ে মুগ্ধ সাদিয়া

বিনোদন ডেস্ক: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা’ মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের আলোচনায় রয়েছে। এবার সিনেমাটি দেখে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

এক সংবাদ সম্মেলনে সিনেমাটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয়শিল্পীদের পারফরম্যান্সের প্রশংসা করে সাদিয়া বলেন, এই সিনেমার পেছনে থাকা দীর্ঘ গবেষণা ও পরিশ্রম তাকে গভীরভাবে মুগ্ধ করেছে।

সিনেমা দেখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ছবিটি শেষ করে আমি নির্মাতা উজ্জ্বল ভাইকে জিজ্ঞেস করেছিলাম, জীবনানন্দ দাশের এত কবিতা নিয়ে গবেষণা করতে তার কত সময় লেগেছে। তিনি বললেন, আট বছর। আট বছরের সাধনার ফলই এই সিনেমা। এমন একটি কাজ দেখতে পারাটাই আমার কাছে বড় প্রাপ্তি।

চলচ্চিত্রের চরিত্রগুলোর সঙ্গে নিজের আবেগগত সংযোগের কথাও জানান সাদিয়া। তিনি বলেন, প্রত্যেকটি চরিত্রের সঙ্গে আমি যেন পথ চলেছি। গল্পের প্রতিটি মুহূর্ত আমাকে স্পর্শ করেছে।

বিশেষ করে নাবিলার অভিনয়ের প্রশংসা করে সাদিয়া বলেন, নাবিলা আপু অসাধারণ গ্রেসফুল। তিনি সবসময় নিজের অভিনয় নিয়ে সন্তুষ্ট নন, আরও ভালো করার চেষ্টা করেন। এটাই একজন প্রকৃত শিল্পীর বৈশিষ্ট্য। ‘বনলতা’য় তিনি যেভাবে চরিত্রটি ধারণ করেছেন, তা সত্যিই অনবদ্য।

সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করা খায়রুল বাসারের প্রশংসা করে তিনি বলেন, পর্দায় তাকে দেখে মনে হয়েছে যেন সত্যিই জীবনানন্দ দাশকে দেখছি। চরিত্রটির সঙ্গে তার উপস্থিতি ও অভিনয় দারুণভাবে মানিয়ে গেছে।

অন্যদিকে সোহেল মণ্ডলের অভিনয় নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন সাদিয়া। তার ভাষায়, সোহেল যখন পর্দায় এসেছে, মনে হয়েছে আন্তর্জাতিক মানের কোনো অভিনেতার অভিনয় দেখছি। তার পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে।

চলচ্চিত্রটির কস্টিউম, মেকআপ ও কাস্টিং নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। সাদিয়ার মতে, প্রতিটি চরিত্রের জন্য শিল্পী নির্বাচন এতটাই নিখুঁত ছিল যে পুরো সিনেমাটি আরও বিশ্বাসযোগ্য ও জীবন্ত হয়ে উঠেছে।

সব মিলিয়ে ‘বনলতা’কে সাম্প্রতিক সময়ের অন্যতম পরিশ্রমী ও নান্দনিক নির্মাণ হিসেবে আখ্যায়িত করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪