ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৪ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পৃথক অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের যুবলীগ নেতা নুরে আলম বিপ্লবের ছেলে ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার আরাপপুরের বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান সোহেল এবং সদর উপজেলার শ্রীফলতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। ঘটনার পর একই দিন দুপুরে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) রাজীব আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরানসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে শহরে মিছিল করেছে। বিষয়টি পুলিশের নজরে আসার পর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ মিতু