| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টা: যুবক আটক

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৬ ইং | ১১:৩০:৩৮:পূর্বাহ্ন  |  ৪৩৭৬৫৪ বার পঠিত
মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যাচেষ্টা: যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদক সেবনের জন্য টাকা না পেয়ে বাবা-মাকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মো. মাসুদ রানা ওরফে আদম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা করা হয়েছে।

এর আগে সোমবার দুপুরে উপজেলার ভানোর ধনিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে ধারালো অস্ত্রসহ আটক করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভানোর ধনিরহাট এলাকার কৃষক মো. এরশাদ আলীর ছেলে মাসুদ রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সোমবার দুপুর আড়াইটার দিকে তিনি বাবার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে মাসুদ ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন এবং হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করার চেষ্টা করেন। এরশাদ আলী সরে যাওয়ায় আঘাতটি লক্ষ্যভ্রষ্ট হলেও পরে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও ফোলা দেখা দেয়।

এ সময় স্বামীর চিৎকার শুনে এগিয়ে আসেন মা মোছা. সাবেদা বেগম। অভিযোগ রয়েছে, মাসুদ রানা মায়ের চুল ধরে টেনে মাটিতে ফেলে দেন এবং তার বুকের ওপর উঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করেন। তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত যুবক ধারালো ছুরি হাতে এক প্রত্যক্ষদর্শীকেও ধাওয়া করেন বলে অভিযোগ রয়েছে।

একপর্যায়ে ভুক্তভোগী এরশাদ আলী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাসুদ রানাকে ধারালো অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত যুবক নিয়মিত মাদক সেবন করতেন এবং টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও অশান্তি সৃষ্টি করতেন। তার আচরণে প্রতিবেশীরাও আতঙ্কিত ছিলেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ নম্বর থেকে তথ্য পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে অস্ত্রসহ আটক করে। মঙ্গলবার ভুক্তভোগী বাবা এরশাদ আলী বাদী হয়ে মামলা করেছেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪