| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুঁজিবাজার উন্নয়নে ছয় দফা প্রস্তাব সিএসইর

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ০৫:৪১:১৮:পূর্বাহ্ন  |  ৩০০৪ বার পঠিত
পুঁজিবাজার উন্নয়নে ছয় দফা প্রস্তাব সিএসইর

চট্টগ্রাম প্রতিনিধি: পুঁজিবাজারের বিকাশ ও আধুনিকায়নের লক্ষ্যে ছয় দফা প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। একই সঙ্গে দেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য সরকারের কাছে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার চট্টগ্রামের আগ্রাবাদের সিএসই কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব তুলে ধরা হয়। এতে বাজেট পর্যালোচনা ও প্রস্তাবনা উপস্থাপন করেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান, পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম ও শাহজাদা মাহমুদ চৌধুরী।

সিএসই জানায়, প্রস্তাবিত বাজেটে কমোডিটি এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), ইনডেক্স হেজিং ও কারেন্সি হেজিংয়ের মতো নতুন আর্থিক পণ্য চালুর উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের পুঁজিবাজার আরও আধুনিক, বহুমাত্রিক ও টেকসই হবে বলে মনে করে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া আইপিও অনুমোদন ও শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়া ডিজিটাল করার প্রস্তাবকে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।

সিএসইর ছয় দফা প্রস্তাবের মধ্যে রয়েছে—কমোডিটি এক্সচেঞ্জের জন্য পাঁচ বছরের কর অবকাশ সুবিধা, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহারের ব্যবধান ১০ শতাংশে উন্নীত করা, নতুন তালিকাভুক্ত কোম্পানিকে তিন বছরের কর ছাড়, বিদেশি কারিগরি সেবার ওপর কর হ্রাস এবং করপোরেট বন্ড বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লভ্যাংশ আয়ের ওপর বিদ্যমান ২০ শতাংশ করহার বহাল রাখার প্রস্তাবও দিয়েছে সিএসই।

সংবাদ সম্মেলনে এম সাইফুর রহমান মজুমদার বলেন, কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য প্রয়োজনীয় ট্রেডিং প্ল্যাটফর্ম ও প্রযুক্তিগত অবকাঠামো প্রস্তুত রয়েছে। কর অবকাশ সুবিধা দেওয়া হলে আগামী পাঁচ বছরের মধ্যে দেশে একটি আধুনিক কমোডিটি বাজার গড়ে তোলা সম্ভব হবে।

সিএসই চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বলেন, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আসবে এবং বিনিয়োগের পরিধি আরও বাড়বে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪