| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিডরের ১৯ বছর পরও আতঙ্কে কানাইনগর, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৫, ২০২৬ ইং | ১০:৫৭:৫৭:পূর্বাহ্ন  |  ১৯১০ বার পঠিত
সিডরের ১৯ বছর পরও আতঙ্কে কানাইনগর, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবি

বাগেরহাট প্রতিনিধি: প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের মানুষের। একদিকে সিডরের ভয়াবহ স্মৃতি, অন্যদিকে পশুর নদীর অব্যাহত ভাঙন—এই দুই সংকটে দিন কাটছে পাঁচ শতাধিক জেলে পরিবারের। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। ঘরবাড়ি হারানোর শঙ্কায় থাকা এসব মানুষের দাবি, জনপদ রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।

২০০৭ সালের ১৫ নভেম্বর দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগের ঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় উপকূলীয় জনপদ। ভেঙে পড়ে বেড়িবাঁধ, ধ্বংস হয় ঘরবাড়ি, ফসলি জমি ও অসংখ্য স্থাপনা। সরকারি হিসাবে উপকূলীয় অঞ্চলে প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলা। সরকারি হিসাবে শুধু শরণখোলাতেই প্রাণ হারান ৯০৮ জন। দুবলার চরের শুঁটকিপল্লির নিখোঁজ জেলেদের হিসাব যুক্ত করে বেসরকারি হিসাবে বাগেরহাটে প্রাণহানির সংখ্যা প্রায় দুই হাজার বলে জানা যায়।

সিডরের সেই ভয়াল রাতের স্মৃতি এখনো তাড়া করে ফেরে কানাইনগরের বাসিন্দাদের। ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া, জলোচ্ছ্বাসে বসতভিটা তলিয়ে যাওয়া এবং স্বজনদের হারানোর আশঙ্কা—সবকিছুই তাঁদের স্মৃতিতে এখনো অমলিন। দীর্ঘ ১৯ বছরেও সেই দুর্ভোগের অবসান হয়নি। বরং পশুর নদীর অব্যাহত ভাঙনে ক্রমেই সংকুচিত হচ্ছে গ্রামটি। হারিয়ে যাচ্ছে মানুষের শেষ আশ্রয়স্থল বসতভিটা ও জমিজমা।

গ্রামের গুচ্ছপাড়ার বাসিন্দা তাসলিমা বেগম বলেন, ‘সিডরের সময় আমরা সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। পরে আবার সেই জায়গায় ঘর তুলে বসবাস শুরু করি। যাওয়ার মতো আমাদের আর কোনো জায়গা নেই। আমরা গরিব মানুষ, এখানেই থাকতে হয়। বন্যার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। বেড়িবাঁধটি ভালোভাবে নির্মাণ করে দিলে এবং আমাদের দিকে একটু নজর দিলে নিরাপদে থাকতে পারতাম।’

আরেক বাসিন্দা রিজিয়া বেগম বলেন, ‘সিডরের সময় আমার স্বামীসহ এলাকার অনেক জেলে সাগরে ছিলেন। আমরা কান্নাকাটি করে নৌকা নিয়ে নদীতে তাঁদের খুঁজেছি। পরে জানতে পারি, আল্লাহর রহমতে আমার স্বামীসহ কয়েকজন বেঁচে ফিরেছেন। তবে অনেক জেলে মারা গেছেন। তাঁদের মরদেহ নৌকা, ট্রলার ও অন্যান্য জলযানে করে নিয়ে আসা হয়েছিল। সেদিন ঝড়ের মধ্যে ঘর ভেঙে গেলে আমরা খাটের নিচে আশ্রয় নিয়েছিলাম। এখনো সেই স্মৃতি মনে পড়লে আতঙ্ক লাগে।’

স্থানীয়দের অভিযোগ, ঘূর্ণিঝড় সিডরের এত বছর পরও কানাইনগরে পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি। আশ্রয়ণ প্রকল্প ও সরকারি ব্যারাকে বসবাস করেও নদীভাঙনের ঝুঁকি থেকে রেহাই মিলছে না তাঁদের। রয়েছে সুপেয় পানির সংকট। দুর্যোগ মৌসুম এলেই নিরাপদ আশ্রয়, বসতভিটা ও জীবিকা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

গ্রামবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে একসময় পশুর নদীর ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে কানাইনগর জেলেপল্লি। তাই নদীভাঙন রোধে স্থায়ী তীর সংরক্ষণ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ২০০৭ সালের সিডরে ক্ষতিগ্রস্ত শরণখোলার জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছে। তবে মোংলা এলাকায় এই মুহূর্তে পাউবোর কোনো প্রকল্প জমা নেই, চলমান প্রকল্পও নেই। কানাইনগর জেলেপল্লিতে চলতি অর্থবছরের মধ্যে কিছু তীর সংরক্ষণমূলক কাজ করে নদীভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

নদীভাঙনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত দিন পার করছেন কানাইনগরের পাঁচ শতাধিক জেলে পরিবারের সদস্যরা। তাঁদের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে রক্ষা করা হবে তাঁদের বসতভিটা, জনপদ ও জীবন-জীবিকা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪