| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে ওসি এমপিকে আইন শেখায়, সে ওসি আমার দরকার নেই

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ০৬:৫৮:৪৯:পূর্বাহ্ন  |  ৩৯২২ বার পঠিত
যে ওসি এমপিকে আইন শেখায়, সে ওসি আমার দরকার নেই

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামানকে নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এক মতবিনিময় সভায় তিনি বলেন, যে ওসি এমপিকে আইন শেখায়, সে ওসি আমার দরকার নেই।

শনিবার রাতে লালমাই উপজেলা হলরুমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, একটি মামলার প্রসঙ্গ টেনে এমপি মোবাশ্বের আলম ওসির দেওয়া আইনি ব্যাখ্যার সমালোচনা করেন। তার ভাষ্য, কাউকে ‘ভুয়া’ বলার অভিযোগে মামলা করা যায় কি না—এ বিষয়ে ওসির সঙ্গে আলোচনা হয়েছিল। তখন ওসি তাকে জানিয়েছিলেন, বিষয়টি আইনের আওতায় পড়ে না।

এ প্রসঙ্গে এমপি বলেন, এর পর থেকে লালমাই ওসিকে আমি লাল কার্ড দিয়ে দিয়েছি। তার সঙ্গে আর কথা বলি না। যে ওসি এমপিকে আইন শেখায়, সে ওসি আমার দরকার নেই।

তিনি আরও বলেন, নাঙ্গলকোটে গরুর ঘাস খাওয়ানো নিয়ে তিনজন খুন হয়েছে। ভুয়া বলা নিয়ে খুনাখুনি হতে পারে না? ওসি আমাকে বলেছেন, এটা নাকি আইনে কাভার করে না।

মোবাশ্বের আলম দাবি করেন, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করেছেন। তার ভাষায়, আইনে যদি কাভার না করে, তাহলে সংসদে গিয়ে এমপিরাই আইন বানাবে।

সভায় তিনি আরও অভিযোগ করেন, ওসি নুরুজ্জামান লালমাই থানায় যোগদানের পর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেননি।

এ বিষয়ে জানতে চাইলে লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, একজন সংসদ সদস্যের এমন প্রকাশ্য বক্তব্য স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভাইরাল হওয়া বক্তব্য সম্পর্কে জানতে চাইলে এমপি মোবাশ্বের আলম সাংবাদিকদের বলেন, আমি যা বলেছি, প্রকাশ্যেই বলেছি। গোপন কিছু বলিনি। আমার অভিযোগ সত্য।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪