| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৬ ইং | ১৭:৫৮:২৭:অপরাহ্ন  |  ১৩৯৬ বার পঠিত
বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও চারা বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক্টিভিস্টা বাগেরহাটের উদ্যোগে সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ জুন) সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের পরিবেশ ও জলবায়ু বিষয়ক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সচেতন নাগরিক হিসেবে পরিবেশ রক্ষায় করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়া দেশ ও বিশ্বব্যাপী পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, শিক্ষক ইয়ামিন মল্লিক, রাম প্রসাদ মন্ডল ও সৌমিত্র কুমার বসু। এছাড়াও এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য শেখ ইমরান, সুমিত ভট্টাচার্য, রবিউল শেখ, শেখ রাফি ও অমিত শীল এবং একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত করার পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ এবং জলবায়ু সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা তাদের জ্ঞান ও সচেতনতার পরিচয় তুলে ধরে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এক্টিভিস্টা বাগেরহাটের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও জলবায়ু বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার মাধ্যমে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪