রিপোর্টার্স ডেস্ক: ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে আহত মিজানুর রহমান ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে শনিবার (১৩ জুন) গভীর রাতে মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় চালানোর সময় আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকার আলীমের ভাড়া বাড়িতে এ বিস্ফোরণ ঘটে।
মিজানুর রহমানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে। তিনি আলীমের বাসায় ভাড়া থেকে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করেন।
স্থানীয়রা জানায়, মোবাইল বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হন মিজান। এ সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন।
পরে ছুটে গিয়ে তার রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয়রা। ঘটনাস্থলে যেসব আসবাবপত্র ছিল তা বিস্ফোরণে পুড়ে যায় এবং মোবাইলের পোড়া কিছু অংশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব