নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মালিকানাধীন বাজার, বাস টার্মিনাল, রাস্তার ক্ষতিপূরণ ফি আদায় ও গণশৌচাগারের ২০২৬-২০২৭ অর্থবছরের ইজারা কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইজারার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের দখলে গেছে।
রোববার (১৪ জুন) নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দরপত্র উন্মুক্তকরণ অনুষ্ঠানে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন।
দরপত্র অনুযায়ী, সর্বোচ্চ ১ কোটি ২২ লাখ টাকায় ইনস্টিটিউট রোড পার্শ্বস্থ অস্থায়ী কাঁচাবাজারের (মীর জুমলা সড়ক বাদ) ইজারা পেয়েছেন বিএনপি নেতা বদিউজ্জামান বদুর ভাগিনা আবু সালেহ আহম্মেদ সনেট।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ১৮ লাখ ৫ হাজার টাকায় ইজারা পেয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। নিউ মেট্রো হলের সামনে সড়ক বাস স্ট্যান্ড ৩০ লাখ টাকায় ইজারা নিয়েছেন মো. নজরুল ইসলাম।
এ ছাড়া নিতাইগঞ্জ ও থানা পুকুরপাড় এলাকার রাস্তার ক্ষতিপূরণ ফি আদায়ের ইজারা ২৩ লাখ টাকায় পেয়েছেন মো. শাহাবুদ্দিন।
গণশৌচাগারগুলোর মধ্যে সৈয়দ আলী চেম্বার সংলগ্ন গণশৌচাগার ২ লাখ ৬৬ হাজার ৮৫৩ টাকায় ইজারা নিয়েছেন মাহাবুব আলম সুমন। কেন্দ্রীয় পৌর শহীদ মিনার সংলগ্ন গণশৌচাগার ৬ লাখ টাকায় ইজারা পেয়েছেন প্রয়াত বিএনপি নেতা ডেভিডের ভাই ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহেব উল্লাহ রোমান। ধর্মতলা গণশৌচাগারের ইজারা ৫ লাখ ৩১ হাজার ৬০০ টাকায় পেয়েছেন ফয়সাল আবেদ হিমু।
তবে পঞ্চবটি ট্রাক টার্মিনালের দরপত্রে ত্রুটি থাকায় ওই মহালের জন্য পুনরায় আবেদন আহ্বান করা হয়েছে।
অনুষ্ঠানে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হেমায়েত হোসেন এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।
নাসিক সূত্র জানায়, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য এক বছরের মেয়াদে সায়রাত মহাল অস্থায়ীভাবে ইজারা দেওয়ার লক্ষ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছিল। জমা হওয়া দরপত্রগুলো আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত ও মূল্যায়নের পর ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়।