| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ বছরের বুলিং নিয়ে মুখ খুললেন প্রভা

reporter
  • আপডেট টাইম: জুন ১৬, ২০২৬ ইং | ১১:৫০:৩৭:পূর্বাহ্ন  |  ৫৪৮ বার পঠিত
১৬ বছরের বুলিং নিয়ে মুখ খুললেন প্রভা

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল, কটূক্তি ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এতদিন নানা বিতর্ক ও ব্যক্তিগত আক্রমণের মুখেও নীরব থাকলেও এবার আর চুপ থাকেননি তিনি। নিজের ভেতরে জমে থাকা ক্ষোভ, যন্ত্রণা এবং সমাজের কিছু অস্বস্তিকর বাস্তবতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় সাইবার বুলিংকারীদের মনস্তত্ত্ব, সামাজিক বৈষম্য এবং ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতি নিয়ে সরব হন প্রভা। ভিডিওর শুরুতেই তিনি বলেন, আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলব। অনেক দিন ধরেই সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে কথা বলি না। ভেবেছিলাম, কথা বলেও তো আসলে কোনো লাভ নেই। কিন্তু নিজের দায়বদ্ধতার জায়গা থেকে মনে হয়েছে, কিছু বিষয় আর চোখ বন্ধ করে এড়িয়ে যাওয়া যায় না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অন্যকে আক্রমণ, ট্রল বা অপমান করেন, তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রভা বলেন, বিভিন্ন মনোবিজ্ঞানী ও মনোরোগ বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে অন্যকে হেয় করার প্রবণতার পেছনে অনেক সময় ব্যক্তিগত অনিরাপত্তাবোধ কাজ করে।

তার ভাষায়, আপনারা নিজেদের যোগ্যতা, অবস্থান, সৌন্দর্য কিংবা জীবন নিয়ে ইনসিকিউর বলেই অন্যকে মক করেন। যারা মানুষের ব্যাপারে খুব আগ্রাসীভাবে বিচার করে, বুলিং করে এবং সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করে, তারা আসলে নিজেদের জীবন নিয়ে সন্তুষ্ট নয়। আমরা সবাই কোনো না কোনো জায়গায় দুঃখী। কিন্তু যারা সেই বাস্তবতা মেনে নিতে পারে না, তারাই বেশিরভাগ সময় শিল্পী বা সেলিব্রিটিদের লক্ষ্যবস্তু বানায়।

দীর্ঘ সময় ধরে চলা মানসিক নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা বলেন, আমাকে প্রায় ১৬ বছর ধরে বুলিং করা হচ্ছে। আপনারা আমাকে নিয়ে হাসাহাসি করে আনন্দ পান, সেটা আমি বুঝি। কিন্তু আমাকে যতটা বুলিং করেছেন, তার অর্ধেকও যদি প্রকৃত অপরাধীকে করতেন, তাহলে সমাজে অনেক কিছু বদলে যেত।

তিনি বলেন, ভিকটিমকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ না করে যদি অপরাধীকে চিহ্নিত করা হতো, তার পরিচয় সামনে আনা হতো, তাকে সামাজিকভাবে প্রশ্নের মুখে ফেলা হতো, তাহলে পরিস্থিতি আজ ভিন্ন হতে পারত।

সমাজে ভিকটিম ব্লেমিংয়ের প্রবণতার সমালোচনা করে প্রভা বলেন, বর্তমানে ধর্ষক কিংবা অ্যাসিড সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হয় এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো অপরাধের ক্ষেত্রে অনেক সময় ভুক্তভোগীকেই বারবার আক্রমণের মুখে পড়তে হয়।

তিনি বলেন, কোনো মানুষের সম্মতি ছাড়া তার ব্যক্তিগত বিষয় প্রকাশ করা গুরুতর অপরাধ। কিন্তু সেই অপরাধীর বিরুদ্ধে সোচ্চার হওয়ার পরিবর্তে বছরের পর বছর ভিকটিমকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। এটিই সবচেয়ে দুঃখজনক।

ট্রলকারীদের উদ্দেশে প্রভা আরও বলেন, আপনাদের সৌন্দর্য, পারিবারিক পটভূমি, আয় বা ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে যতটা বুলিং করেছেন, তার অর্ধেকও যদি অপরাধীদের করতেন, তাহলে হয়তো অনেক ঘটনা ঘটত না।

তিনি আক্ষেপ করে বলেন, সমাজে অপরাধীর চেয়ে ভুক্তভোগীকেই বেশি প্রশ্নবিদ্ধ করা হয়, আর সেই সংস্কৃতিই বারবার নতুন ভুক্তভোগী তৈরি করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রভার এই বক্তব্য ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সাইবার বুলিং ও ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪