কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টার শিকার ৯ জনকে এখনো ফেরত নেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
দুই দেশের সীমান্তের শূন্যরেখায় প্রায় ৫০ ঘণ্টা ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা।
কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ ৯ জনকে নিজেদের হেফাজতে নিতে অস্বীকৃতি জানিয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত এ বিষয়ে কোনো সমাধান হয়নি।
এর আগে রোববার (১৪ জুন) সকালে জেলার রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে ওই ৯ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বর্তমানে ওই ৯ জন ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার পাশেই শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় বিএসএফ ও বিজিবি উভয়ই নজরদারি অব্যাহত রেখেছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, রোববার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের অনড় অবস্থানের কারণে বিষয়টির কোনো সমাধান হয়নি। ফলে ৯ জন ব্যক্তি এখনো দুই দেশের সীমান্তবর্তী শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
রিপোর্টার্স২৪/এসএন