মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, “এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখব না।”
দোকান মালিক শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বুধবার সকালে দোকান খুলতে এসে দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় গাংনী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি ও চিরকুটটি উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বোমাসদৃশ বস্তুটির প্রকৃতি ও উৎস সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন