কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে প্রথমে চৌদ্দগ্রামে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পদুয়ারবাজার এলাকায় লবণবাহী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কাভার্ডভ্যান ও স্কটকারী প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গাড়ির মালিক, চালক ও হেলপারসহ মোট পাঁচজনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
রিপোর্টার্স২৪/এসএন